রংপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ চার দশকের রাজপথের লড়াই, ত্যাগ আর সাহসিকতার স্বীকৃতি পেলেন অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল এই নেত্রীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী নেত্রীকে সংসদীয় রাজনীতিতে মূল্যায়ন করায় রংপুরের সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সীর রাজনৈতিক পথচলা শুরু হয় আশির দশকে। ১৯৮০ সালে কারমাইকেল কলেজে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। তুখোড় এই ছাত্রনেত্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে 'কমনরুম সম্পাদক' নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি রংপুরের প্রতিটি গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
পারিবারিকভাবেই রাজনীতির সাথে যুক্ত ফেন্সীর পিতা এ. কে. এম কুদ্দুস ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা সংগঠক এবং লালমনিরহাটের দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পিতার আদর্শ ধারণ করে ফেন্সী আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে নব্বইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি মহানগর মহিলা দলের সভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রংপুর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা জাসাস-এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতির (২ বার) দায়িত্ব পালন করেছেন।
পেশাগত জীবনে একজন আইনজীবী হওয়ায় দলীয় নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও মামলা পরিচালনায় তাঁর ভূমিকা অনন্য। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ব্যক্তিগত জীবনেও তাকে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন ‘বিশেষ গ্রেড’-এর সংগীত শিল্পী হওয়া সত্ত্বেও বিগত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছিল। এ ছাড়া গত ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশে পুলিশের টিয়ার গ্যাসে তিনি গুরুতর আহত হন। বারবার কারাবরণ ও শারীরিক নির্যাতনের মুখেও তিনি কখনো আদর্শচ্যুত হননি।
মনোনয়ন প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী বলেন, "এই মনোনয়ন রংপুরের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের স্বীকৃতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমৃত্যু রাজপথে থেকে এবং সংসদে জনগণের কথা বলে তার মর্যাদা রক্ষা করব।"
রংপুরের স্থানীয় নেতাকর্মীদের মতে, ফেন্সী কেবল একজন নেত্রী নন, তিনি সাহসের প্রতীক। তাঁকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ায় রংপুর অঞ্চলের রাজনীতিতে দলের অবস্থান আরও সুসংহত হবে। অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী মনোনীত হওয়ায় রংপুর মহানগর ও জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।