ময়মনসিংহের তারাকান্দায় চাঞ্চল্যকর ইকবাল হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
২১ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ৩ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানাগেছে,২০২১ সালের ৩১ মে রাতে চা খেতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ময়মনসিংহের রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল।পরে ৫ জুন সকালে তারাকান্দার পলাশকান্দা গ্রামে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তে রানা হোসেন, হেলিম, আলী, ফরিদ, ইউনুস,শামসুল, খালেদা ও রেহানার সম্পৃক্ততা পায় পুলিশ। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
রায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- আসিফ রানা নাঈম, মোহাম্মদ গোলাম হোসেন, মোঃ আব্দুল হেলিম,মোঃ ফরিদ আহমেদ, মোঃ ইউনুস আলী ও শামসুল হক। প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
এছাড়া মোসাম্মৎ খালেদা আক্তার ও মোসাম্মৎ রেহানা খাতুনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড,২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
দীর্ঘ প্রায় ছয় বছর পর চাঞ্চল্যকর শাহিনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলার রায় কার্যকর হওয়ায় বাদি পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।